কাশিয়ানীতে খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে খাবার খেয়ে ৩০ নির্মাণ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিনের নির্ধারিত কাজ শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নির্মাণ শ্রমিকদের পাতা কপি ভাজি দিয়ে ভাত খেতে দেয়া হয়। খাওয়ার পর শ্রমিকরা কেউ কেউ বমি করতে শুরু করেন। আবার কারও পেটে ব্যথা শুরু হয়।

এসময় অসুস্থ ১৯ শ্রমিককে ওই রাতেই কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে আরও পাঁচজন শ্রমিককে সেখানে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর অসুস্থ শ্রমিক সাকিব হোসেনকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রেললাইন নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাওছার আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পাতা কপির মধ্যে পোকা জাতীয় কোনো কিছু ছিল বলে এ ধরনের ঘটনা ঘটেছে।’

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল খান জানান, ‘খাদ্যে বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এস এম হুমায়ূন কবীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।