ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক


প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৩টি ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আটক নারীর নাম রাশেদা বেগম (৪০)। তিনি ইসলামাবাদ ইউপির ৮ নং ওয়ার্ডে সদস্য আব্দু শুক্কুরের দ্বিতীয় স্ত্রী।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খাইরুজ্জামান জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে এসআই দেবাশীষ সরকার ও এএসআই আহসান মোর্শেদ ফোর্স নিয়ে শুক্কুর মেম্বারের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে অভিযান চালায়।

সেখানে রাশেদাকে আটক করে মহিলা চৌকিদার দিয়ে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ৫৩টি ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক রাশেদার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে স্থানীয় এলাকাবাসী গণস্বাক্ষর করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেছিল।

তারাই প্রেক্ষিতে তার ওপর পুলিশ নজরদারি বাড়ায়। সোর্সের দেয়া খবরে সোমবারের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, ইয়াবার পরিমাণ কয়েক হাজার ছিল। তদবির বা অন্য কারণে কৌশলে তা সরিয়ে নেয়া হয়েছে। তাকে আটকের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে বলে উল্লেখ করেছেন অনেকে।  

এদিকে ইউপি সদস্য আব্দু শুক্কুরের দাবী রাশেদা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার স্ত্রী বিগত  দুইমাস পূর্ব থেকে এসব কাজ থেকে নিজেকে গুঁটিয়ে নিয়েছেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।