অনুমোদনহীন পাম্প থেকে সাড়ে ১৩ হাজার লিটার তেল জব্দ
পাবনার ঈশ্বরদীতে অনুমোদনহীন একটি পাম্পে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় যমুনা মিনি তেল পাম্পে এ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হওয়া তেলের মধ্যে- সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল রয়েছে। দীর্ঘ সময় ধরে পাম্পটি বন্ধ রেখে এসব তেল মজুত করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা এবং সাধারণ মানুষের মাঝে তেল বিক্রি উন্মুক্ত করে দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা তেল জব্দ এবং পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাম্পে থাকা তেল ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
শেখ মহসীন/এএইচ/এএসএম