ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করে আহত হয়ে ফিরলেন কাঠুরিয়া


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের পাহাড়ি জনপদ রামুর ঈদগড়ের গহীন জঙলে বন্য ভাল্লুকের সঙ্গে লড়াই করে আহতাবস্থায় প্রাণ নিয়ে ফিরেছেন কাঠুরিয়া ছৈয়দ আমিন (৩৮)। সোমবার বিকেলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনি ভাল্লুকের হামলার শিকার হন।

কাঠুরিয়া ছৈয়দ আমিন ঈদগড় ইউপির চরপাড়া এলাকার বাসিন্দা।

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো আহত আমিনের বরাত দিয়ে জানান, জ্বালানি কাঠ সংগ্রহ করতে বিকেলে ছৈয়দ আমিন ঈদগড়ের পার্শ্ববর্তী বাইশারীর রাঙ্গাঝিরি গহীন জঙলে যান। সন্ধ্যায় কাঠ নিয়ে ফেরার পথে একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। আতঙ্কিত হলেও মনোবল না হারিয়ে হাতে থাকা দা দিয়ে আক্রমণ প্রতিহতের চেষ্টা চালায় আমিন।

অনেক সময় লড়াইয়ের পর ভাল্লুকটি দায়ের আঘাতে কাবু হয়ে পিছু হটে আবার জঙলে ঢুকে পড়ে। কিন্তু ভাল্লুকের ধারালো নখের আঁচড়ে গুরুতর আহত হন ছৈয়দ আমিন। অতিকষ্টে তিনি লোকালয়ে ফিরে আসেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাতে এলাকায় এনে প্রাথমিক চিকিৎসার পর মঙ্গলবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

বন্য নেকড়ের সামনে পড়ে বা লড়াই করে প্রাণে বেঁচে আসার ঘটনা বিরল হওয়ায় ছৈয়দ আমিনের ঘটনাটি সর্বত্র আলোচিত হচ্ছে। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।