বরিশালে শিল্পপতি বিজয় কৃষ্ণকে প্রাণনাশের হুমকি


প্রকাশিত: ০৩:১০ এএম, ০৩ মার্চ ২০১৭

বরিশালের বিশিষ্ট শিল্পপতি ও অমৃত লাল দে অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে কে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর ঝাউতলা ৩য় গলির খোকন দাস ওরফে কাতলা খোকন তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে।

বিজয় কৃষ্ণ দে’র স্বজনরা জানান, খোকন দাস ওরফে কাতলা খোকনের পরিবার তাদের জমি অমৃত লাল দে কলেজের কাছে বিক্রি করে। বিক্রির সময় কলেজ কর্তৃপক্ষ তাদের সমস্ত পাওনা বুঝিয়ে দেন। তারপরও খোকন দাস ফ্ল্যাট অথবা নগদ অর্থ দাবি করে আসছে। অন্যথায় পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুমকি দিচ্ছে।

গত কয়েক দিন বিশেষ করে সন্ধ্যার পর মাদক সেবন করে খোকন দাস এধরনের ঘটনা ঘটালেও আত্মসম্মানের ভয়ে বিজয় কৃষ্ণ দে বিষয়টি চেপে যান।

গতকাল রাত ১০ টার দিকেও বিজয় কৃষ্ণ দে অমৃত লাল দে কলেজ থেকে বাসায় ফেরার পথে খোকন তার পথ অবরোধ করে। এরপর বিজয় কৃষ্ণ দে কে অশ্লীল ভাষায় গালাগাল  করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ঘটনাটি কোতয়ালি পুলিশকে অবহিত করেন বিজয় কৃষ্ণ দে।

কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, বিষয়টি জানার পর বিজয় কৃষ্ণ দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং হুমকিদাতাকেও নজরদারীর মধ্যে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।