কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় সিনহা গার্মেন্টসের ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে মেশিন, ফেব্রিক্সসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি মালিকপক্ষ।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে সিনহা গার্মেন্টসের কাটিং সেকশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদে ডেমরা, আড়াইহাজারসহ তিনটি এলাকার ফায়ার সার্ভিসের প্রায় ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রহমান জানান, রাত সাড়ে ৭টায় সিনহা ওপেক্স গ্রুপের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় কাটিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৬টি ইউনিট চেষ্টা করে রাত পৌনে ৯টায় নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।
সিনহা ওপেক্স গ্রুপের উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন অফিসার) জসিমউদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার কাটিং সেকশন ছুটি ঘোষণা করা হয়। রাত সাড়ে ৭টায় কারখানার ওই সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ছুটি হওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কমিটি গঠন করা হবে। তার পর ক্ষতির পরিমাণ জানাতে পারবে বলে জানান তিনি।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম