চুরির অপবাদে হাত-পা বেঁধে মাদরাসাছাত্রকে নির্যাতন


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৯ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে হাফেজ আবু সহিদ (১৮) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে এক মাদরাসা শিক্ষক।

মঙ্গলবার (০৭ মার্চ) ঘটনাটি ঘটলেও ঘটনার ধামাচাপার দিতে ব্যর্থ হয়ে বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় ছাত্রকে আড়াইহাজার এ টু জেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী ও পুলিশ  জানায়, মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র রিফাতের ৭০০ টাকা তার ব্যাগে পাওয়া যাচ্ছিল না।

এতে রিফাত এ কথাটি তার শিক্ষক রমজান আলীকে জানালে তিনি এ টাকার জন্য হেফজ বিভাগের ছাত্র হাফেজ আবু সহিদকে সন্দেহ করে ডেকে আনেন।

পরে তাকে মাদরাসার একটি কক্ষে নিয়ে মাদরাসার দুই ছাত্র রাসেল ও আ. রহমানের সহযোগিতায় তার হাত-পা রশি দিয়ে বেধে কক্ষের দরজা বন্ধ করে রড ও লাঠি দিয়ে হাতে পায়ে, কোমরে পিটিয়ে জখম করেন।

পরে ওই  ছাত্রের অবস্থার অবনতি ঘটলে শিক্ষক রমজান আলী ও তার দুই সহযোগী ছাত্র তাকে কক্ষে রেখেই পালিয়ে যায়। বন্ধ কক্ষে ছাত্রের কান্নার শব্দ শুনে অন্য ছাত্ররা দরজা খুলে তাকে উদ্ধার করে তার বাড়িতে পাঠায়।

বুধবার রাতে এলাবাসীর সহযোগিতায় আহত ছাত্র হাফেজ আবু সহিদকে আড়াইহাজার এ টু জেড হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ছাত্র হাফেজ আবু সহিদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার জসীমউদ্দিনের ছেলে। আর নির্যতনকারী শিক্ষক রমজান আলী সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার নুরুজ্জামানের ছেলে।

তবে শিক্ষক হাফেজ রমজান আলী ছাত্রকে ১৫টি আঘাত করার কথা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমার মাথা ঠিক ছিল না। আমার অপরাধ হয়ে গেছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্মকতর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।