কুসিকে আচরণবিধি লঙ্ঘন : দুই প্রার্থীকে চিঠি


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১১ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু জনসংযোগ ও প্রচারণা চালানোর অভিযোগে উভয় প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল শনিবার বিকালে পৃথক তিনটি চিঠি তাদের বরাবরে পাঠিয়ে সতর্কবার্তা দেন।

জানা যায়, কুসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। কিন্তু মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় দোয়া কুশল বিনিময়ের নামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তাদের এ ধরনের গণসংযোগের খবর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ফেসবুকে প্রচারিত হচ্ছে।

অন্যদিকে গত শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এ খবর স্থানীয় পত্রিকা ছাড়া ফেসবুকে প্রচারিত হয়।

এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে প্রার্থীদের এ ধরনের জনসংযোগ করার কোনো বিধান নেই।

এছাড়া সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুসারে সংসদ সদস্যদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ নেই।

তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি যথাযথভাবে পালনে সার্বিক সহযোগিতার অনুরোধ জানিয়ে স্থানীয় সংসদ সদস্যকে চিঠি দেয়া হয়েছে।  

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।