মাছ ধরতে আর ইজারা দিতে হবে না: নুরুল হক নুর
প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাল যার, জল তার। মাছ ধরতে আর ইজারা দিতে হবে না।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘অনেক সময় জেলেদের মাছ ধরতে গেলে ইজারা দিতে হয়। এখন থেকে এসব ক্ষেত্রে ইজারা যেন না দিতে হয়, সেই ব্যবস্থা করা হবে। জাল যার, জল তার। যাদের জাল আছে তারাই মাছ ধরবেন, এখানে কোনো ইজারা হবে না।’

তিনি আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, চর এলাকার জমি উন্মুক্ত করে দেওয়া হবে। যাদের বৈধ দলিল আছে, তারা যেন তাদের জমি ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। আর যেসব জমি এক বছরের জন্য লিজ দেওয়া হয়, সেগুলো প্রকৃত ভূমিহীনদের মাঝে বণ্টন করতে হবে।’
মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস