‘পুরুষ নির্যাতন আইন’ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১২ মার্চ ২০১৭

দেশে নারী নির্যাতন আইন থাকলেও নারীদের মাধ্যমে নির্যাতিত পুরুষের পক্ষে কোনো আইন নেই। আর সেই সব নির্যাতনের শিকার পুরুষরাই পুরুষ নির্যাতন আইনের দাবিতে দুই বছরব্যাপী সারাদেশে মানববন্ধন করে যাচ্ছে।

নারীর মাধ্যমে পুরুষ নির্যাতন আইন করার দাবিতে প্রতিনিয়িত মানববন্ধন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো তা আমলে নিচ্ছে না। এতে নির্যাতিত পুরুষরা ক্ষুব্ধ হয়ে উঠছে।

রোববার নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুরুষ নির্যাতন আইনের প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ। এ সময় নির্যাতিত পুরুষরা পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান। এতে ২১ দফা দাবি তুলে ধরা হয়।

একই মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলমের বিরুদ্ধে তার স্ত্রীর দায়েরকৃত দুটি মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিও করা হয়েছে।

নির্যাতিত পুরুষদের নিয়ে ইতোমধ্যে একটি সংগঠন গঠন করা হয়েছে। ওই সংগঠনের নাম ‘পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।’

রোববারের মানববন্ধনে উপস্থিত ছিলেন, পুুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক বাবুল মিয়া, নারীর নির্যাতনের শিকার হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর, নাদিম মিয়া, শাহআলম, আনসার আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেছেন, নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে নারীরা। পরকীয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিচ্ছে।

শুধু স্বামীকে নয় মামলায় অহেতুক দেবর-বাসুর-ননদ শাশুড়িকেও আসামি করে হেনস্তা করা হচ্ছে। পুরুষরা নির্যাতনের শিকার হয়ে লজ্জায় কাউকে বলতে পারে না। নীরবে পুরুষ কাঁদছে যা কেউ শুনে না দেখে না। তাই পুরুষদের নীরব কান্না নারীর দ্বারা নির্যাতনের শিকাররাই বুঝতে পারে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।