সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানার বলাউরা বাজারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে আসছিল। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি যাচ্ছিল লামাকাজিতে। পথে বলাউরা এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনাকবলিত অটোরিকশার দুইজন পুরুষ ও একজন নারী যাত্রী। আহত হন অটোরিকশা চালক ও অপর এক যাত্রী।
দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তা আটক করেন। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। কৌশলে সে বাস থেকে নেমে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধঘণ্টা বিক্ষোভের পর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জাগো নিউজকে জানান, আহত-নিহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।
এসএস/ এমএএস/আরআইপি