আওয়ামী লীগ নেতাকে আদালতে নেওয়ার সময় থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৫:১০ এএম, ১০ মে ২০২৬

বগুড়ার ধুনটে গ্রেফতার ১১ মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকনকে (৫৯) থানা থেকে আদালতে নেওয়ার সময় তার কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

খোকন উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (৯ মে) দুপুরে এই আওয়ামী লীগ নেতাকে হাজতখানা থেকে গাড়িতে উঠানোর সময় ধুনট থানা চত্বরে এমন পরিবেশ তৈরি হয়। তখন হঠাৎ জয় বাংলা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে থানা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং দ্রুত আসামিকে নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের দিকে রওনা হয়। এর আগে গত শুক্রবার রাতে সাভারের আশুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাজা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল হাই খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আব্দুল হাই খোকন সাজার আদেশ প্রাপ্ত আসমি। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও রয়েছে। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এলবি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।