শিগগিরই শেখ হাসিনা সফটওয়্যার পার্কের উদ্বোধন : পলক


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৯ মার্চ ২০১৭

যশোরে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার বিকেলে সফটওয়্যার পার্কের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

যশোর শহরের শংকরপুর এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী দুই মাসের মধ্যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ শেষ হবে। এরপর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার পার্ক আগামী ৩০ জুনের মধ্যে পুরোপুরি আইটি শিল্পের জন্য প্রস্তুত হবে। এই পার্কটিতে ১০ হাজার আইটি প্রফেশনাল তরুণ-তরুণী কাজের সুযোগ পাবেন। এজন্য আইটি প্রফেশনালদের কাজের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ ও মেলার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, যারা পার্কের জায়গা বরাদ্দ নিয়েছেন তাদের জুনের মধ্যে অফিসের কাজ শুরু করতে হবে। কাজ শুরু না হলে চুক্তি বাতিল করা হবে।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, আধুনিক তথ্য যোগাযোগ ও প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রূপকল্প ২০২১ বাস্তবায়ন হচ্ছে। তারই অংশ হিসেবে যশোরে নির্মাণ করা হয়েছে সফটওয়ার টেকনোলজি পার্ক। এটি চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আইটি হাব হিসেবে গড়ে উঠবে যশোর।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ। আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে দেশে ২৮টি আইটি পার্ক বা হাইটেক পার্ক নির্মাণের কাজ চলমান। এছাড়া যুবসমাজকে আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজও চলমান।

পর্যালোচনা সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, এটুআই প্রকল্পের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।