ফতুল্লায় ৫টি কয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাহমুদপুরে অভিযান চালিয়ে ৫টি কয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার গ্যাসের রাইজার, কম্প্রেসার, পাইপ ও আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দসহ ফ্যাক্টরিগুলো সিলগালা করা হয়।

রোববার বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক বিপণন কার্যালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাফরুল আলম জানান, ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকার ওসব কয়েল ফ্যাক্টরি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।

অভিযোগের প্রেক্ষিতে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রোববার অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ফ্যাক্টরিগুলো থেকে ২টি রেগুলেটর, ২টি কম্প্রেসার, ২টি বল ভাল্ব, অবৈধভাবে গৃহীত ৩টি রাইজার, ৪৮০ ফুট পাইপ জব্দ এবং ২টি সোর্স লাইন এবং ২০ ফুট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।