জঙ্গিদের উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা


প্রকাশিত: ০১:০০ পিএম, ২১ মার্চ ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, একটি রাজনৈতিক দল রাজনৈতিক বক্তব্য দিয়ে জঙ্গিদের নিয়ে বিতর্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তারা জঙ্গিদের উস্কানি দিচ্ছে।

মঙ্গলবার বিকেলে নরায়ণগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, জঙ্গি দমনের বিষয়ে বিদেশিরা বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন। অথচ আমাদের দেশের কিছু লোক রাজনৈতিক ফায়দা লুটতে জঙ্গি দমনের বিষয়ে সমলোচনা করছেন। যাই হোক, গুঁটি কয়েক লোক সমলোচনা করলে আমরা আমাদের কাজ নিয়ে পিঁছু হটতে পারি না।  তাই আমরা জিরো টলারেন্স নিয়ে মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তবে জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের একটি শ্রেণি আগেও পাকবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করেছে। এখনো তারা দেশের বিরুদ্ধে কাজ করছে, ধর্মকে ব্যবহার করছে।

আইজিপি বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে কত মানুষ হত্যা হয়েছে। আমাদের ১৬ জন পুলিশকে টার্গেট করে হত্যা করেছে। পৃথিবীর কোথায় পুলিশকে টার্গেট করে কোনো রাজনৈতিক দল হত্যা করেনি। তখন আমরা দিগুণ মনোবল নিয়ে তাদের প্রতিহত করেছি এবং আগামীতেও করবো।

তিনি বলেন, আমরা সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যম করেছি কমিউনিটি পুলিশিং। আমরা জনগণের সাহায্য চাই। আপনাদের উপদেশ চাই। জনগণের সঙ্গে যদি পুলিশের মধ্যে দূরত্ব থাকে তাহলে ভালো কিছু করা যায় না।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সাংসদ হুসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাস্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।