সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় তানিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার সকাল সাড়ে ৭টায় শিমরাইল-নারায়ণগঞ্জ রুটের সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস গার্মেন্টের হেলপার ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার রাজন হোসেনের স্ত্রী। তবে তারা বর্তমানে ফতুল্লা থানাধীন রঘুনাথপুর সাইনবোর্ড এলাকায় বসবাস করে আসছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকযোগে ওই পোশাক শ্রমিকসহ অন্যান্য যাত্রীরা আদমজী ইপিজেডে যাচ্ছিলেন। ইজিবাইকটি সফুরা খাতুন স্কুলের সামনে পৌঁছলে বীপরিত দিক থেকে আসা বেকার পরিবহনের একটি বাস (নং- ঢাকা মেট্টো-ব-১৪-৪৫১২) তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তানিয়া নিহত ও আহত হন আরো ৩ যাত্রী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। খানপুর দুর্ঘটনার পর পরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি