টেকনাফে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে দেশীয় ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নুরুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা।
বুধবার ভোরে টেকনাফ উপকূলীয় ইউনিয়নের বাহারছড়া শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন। গ্রেফতার আলম বাহারছড়া শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।
র্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলমকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। নুরুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর