কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৪ মার্চ ২০১৭

কুমিল্লার আদর্শ সদরে আবদুল মান্নান (৬৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অটোবাইক চালক ও যাত্রীদের মধ্যে মারামারির ঘটনা থামাতে গেলে শুক্রবার দুপুরে উপজেলার ৬নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ওই ইউপির সদস্য ছিলেন এবং ইউনয়নের মদিনগর গ্রামের মৃত আরিফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে অটোবাইক ভাড়া করা নিয়ে চালক  ও চার যাত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান মারামারির ঘটনা থামাতে গেলে তার মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় অটোবাইকের মালিক রাজাপুর গ্রামের আক্তার হোসেনের ভাই ফরিদ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা থেকে কুমিল্লার পথে রয়েছে। শনিবার কুমেক হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত করা হবে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।