কুমিল্লা সীমান্তে বাংলাদেশি হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৯ এপ্রিল ২০১৫

কুমিল্লা সীমান্তের পাচঁথুবী ইউনিয়নের শাহপুর সীমান্ত এলাকা থেকে চোর সন্দেহে এক বাংলাদেশিকে ভারতীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহতের নাম নুরুল ইসলাম (৪৫)। তিনি সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

রোববার বিকাল ৪টার দিকে কটকবাজার বিওপি এলাকায় পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের পর রোববার সকালে বিএসএফ চিঠির মাধ্যমে বিজিবিকে ঘটনা অবহিত করে। এতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তরের আহ্বান জানানো হয়। রোববার বিকেল ৪টায় লাশ হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে দুপুরে বিজিবির বিবিরবাজার বিওপির কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান জানান, বিএসএফ তাদের চিঠিতে দাবি করেছে, নুরুল ইসলাম ভারতের সোনাপুর গ্রামে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে স্থানীয় লোকজনের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, পতাকা বৈঠকের মাধ্যমে রোববার বিকেল ৪টায় মৃতদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে নিহতের লাশ ভারতের সোনামোড়া থানায় রাখা হয়েছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা বিবিরবাজার বিজিবির সীমান্ত ফাঁড়িতে অবস্থান করছে। তবে স্থানীয়দের দাবি শনিবার দিবাগত রাতে নুরুল ইসলামকে শাহপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিএসএফ কিংবা ভারতীয়রাই তাকে হত্যা করেছে।

এসএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।