বিশ্বকাপে অনিশ্চিত ফিল ফোডেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০২ এপ্রিল ২০২৬

ফিফা বিশ্বকাপের আগে মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করার পর জাপানের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। দুই ম্যাচের একটিতেও ভালো করতে পারেননি ফিল ফোডেন।

হ্যারি কেইনের শূণ্যতা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পারেননি ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ফোডেনের জায়গা এখনো নিশ্চিত নয়।

২৫ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারই ছিলেন একমাত্র খেলোয়াড়, যিনি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ ক্যাম্পের দুটি ম্যাচেই শুরু একাদশে ছিলেন। তবে মঙ্গলবার জাপানের বিপক্ষে হারের ম্যাচে ‘ফলস নাইন’ ভূমিকায় খেলেও তিনি অনুপস্থিত হ্যারি কেইন-এর শূন্যতা পূরণ করতে পারেননি।

ম্যাচ শেষে ফোডেনের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠলে টুখেল বলেন, ‘এটা নিশ্চিত নয় যে সে দলে থাকবে।’

অনুশীলনে দুর্দান্ত পারফর্ম করলেও মূল ম্যাচে মাঠের খেলায় সেটার প্রতিফলন ঘটাতে পারছেন না। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিটির হয়ে খুব বেশি সময় মাঠে ছিল না। কিন্তু ক্যাম্পে সে দারুণ ইতিবাচক মনোভাব নিয়ে এসেছে এবং অনুশীলনে খুব ভালো করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম সে মাঠেও একইভাবে চমক দেখাবে। কিন্তু ম্যাচে সে পুরোপুরি প্রভাব ফেলতে পারছে না।’

আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত দল জমা দিতে হবে ফিফার কাছে। এরপর ১৭ জুন যুক্তরাষ্ট্রের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

জাপানের বিপক্ষে ম্যাচে ফোডেনকে ফলস নাইন হিসেবে নামানো হলেও তিনি তেমন ছাপ ফেলতে পারেননি। ৫৯ মিনিটে তাকে তুলে নিয়ে স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কেকে নামান টুখেল।

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে শুরু একাদশে ছিলেন ফোডেন। গত ১৪ ডিসেম্বরের পর থেকে আর কোনো গোলও করতে পারেননি তিনি।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।