চাকরি দেয়ার নামে প্রতারণা : পুলিশ কনস্টেবল গ্রেফতার
চাকরি দেয়ার নামে প্রতারণা করায় যশোরে শাহিন আলম নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ঝিকরগাছা থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
শাহিন আলম যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কনস্টেবল নম্বর ১৭৬৭। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের দয়াপুর গ্রামের আয়ুব হোসেন খন্দকারের ছেলে।
ঝিকরগাছার বল্লা গ্রামের রুহুল কুদ্দাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, তার শ্যালক মাসুম বিল্লাহ, ভাতিজা ইমরান আহম্মেদ ও চাচাতো ভাই ইমরান হোসেনকে চাকরি দিতে ১৫ লাখ টাকায় চুক্তি করেন তাদের গ্রামের সিদ্দিক হোসেনের সঙ্গে।
সিদ্দিকের মাধ্যম ছিল পুলিশ কনস্টেবল শাহিন আলম। এই কনস্টেবল গত ২৫ জানুয়ারি চাকরিপ্রত্যাশী তিনজনকে ঢাকার সালাউদ্দিন ও আব্দুল হকের কাছে প্রেরণ করা হয়।
সেখানে তাদের লিখিত পরীক্ষা নেয়া হয়। এরপর মেডিকেল পরীক্ষার জন্য তাদের কাছ থেকে আরও ৫ হাজার টাকা করে নেন। এ সময় সিদ্দিক হোসেন বাড়িতে নিয়োগের ব্যাপারে সংবাদ পৌঁছে দেবেন বলে জানান।
গত ২১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সিদ্দিক হোসেন ৯ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন। আর ঢাকায় সালাউদ্দিনের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়।
২৪ ফেব্রুয়ারি আবার ঢাকায় সালাউদ্দিন সেনাবাহিনীর এক কর্মকর্তার স্বাক্ষরিত ভুয়া নিয়োগপত্র দেন এবং আরও ৪ লাখ টাকা নেন। এ ঘটনার মামলার আসামি পুলিশ কনস্টেবল শাহিন আলমকে বুধবার গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
মিলন রহমান/এএম/এমএস