প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব


প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩১ মার্চ ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

শুক্রবার দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিআরটির ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কুমিল্লায় আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা। জয়-পরাজয়ের বিষয় জনগণের। সুষ্ঠু নির্বাচন করতে আমরা সফল হয়েছি।

নিজ দলীয় প্রার্থীর পরাজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি। কিন্তু নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়েছিল।

তিনি বলেন, কুমিল্লা যখন পৌরসভা ছিল, তখনও আমরা জিততে পারিনি। সিটি কর্পোরেশন হওয়ার পরও বিএনপি জিতেছে। তবে জয়-পরাজয়ে ভোটের ব্যবধান অনেক কমেছে।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কের যে সকল পয়েন্টে যানজট হবে, সেখানেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছয়টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আর গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আরও নয়টি ফ্লাইওভার নির্মাণ করা হবে।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিল, বিআরটির প্রকল্প পরিচালক প্রকৌশলী সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।