চকরিয়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ এপ্রিল ২০১৭

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাসের ধাক্কায় মিজানুর রহমান (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মালুমঘাট হাসিনাপাড়ার নেজাম উদ্দীনের ছেলে। এ ঘটনায় ঘাতক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মিজানুর রহমান পারিবারিক প্রয়োজনে মালুমঘাট বাজারে আসে। মালুমঘাট আল মদিনা ফিশিং এর সামনে রাস্তা পার হওয়ার সময় চকরিয়া থেকে আসা চকরিয়া সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিজান।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।