কোচিংয়ের টাকার জন্য প্রবেশপত্র আটকে রাখায় অধ্যক্ষ অবরুদ্ধ
কোচিংয়ের টাকা না দেয়ার অভিযোগে পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাথীরা বিক্ষোভ করেছে। এ সময়ে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখলে অতিরিক্ত জেলা প্রশাসক গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তিনি শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করলে পরিস্থিতি শান্ত হয়।
রোববার দুপুরে শহরের আমলাপাড়া এলাকার নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, রোববার দুপুরে স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। যার জন্য পরীক্ষার প্রবেশপত্র নিতে শিক্ষার্থীরা স্কুলের অধ্যক্ষ শীতল চন্দ্র দে এর রুমের সামনে অপেক্ষা করে। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের স্কুলের কোচিং ক্লাসের টাকা পরিশোধ করা হলেই প্রবেশপত্র দেয়া হবে অন্যথায় স্কুল থেকে চলে যাওয়ার নির্দেশ দিলে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখায়। শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষকে রুমে অবরুদ্ধ করে রাখে।
পরে দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছরোয়ার হোসেন গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে শিক্ষার্থীদের প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দেয়ার নির্দেশ দেন। আগামী দুইদিনের মধ্যে অধ্যক্ষকে কোচিংয়ের জন্য জোরপূর্বক টাকা আদায়ের কারণ জানাতে লিখিত জবাব দেয়ারও নির্দেশ দেন। এছাড়া ইংরেজি শিক্ষক মো. আরিফের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অশোভন আচরণ ও ছাত্রীদের শরীরে বেত্রাঘাত করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে স্কুল থেকে বের করে দেয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শীতল চন্দ্র দের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম