কারখানায় নারীদের সমান সুযোগ দিতে হবে
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী-পুরুষের সমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নারীর সমতা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
তিনি বলেন, বন্দিশালা থেকে আজ দেশের নারীরা বেরিয়ে এসেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাজেই এই ধারা অব্যাহত রাখতে দেশের কারখানাগুলোতে নারীদের সমান সুযোগ করে দিতে হবে। একটি দেশে নারী-পুরুষ সকল বিভাগে সমান তালে কাজ করে গেলে সে দেশ এগিয়ে যেতে বাধ্য।
শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন নাভানা গ্রুপের পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশে যত বেশি কলকারখানা হবে ততো বেশি উন্নতি হবে। পাশাপাশি দেশের বেকার শ্রেণিদের কর্মসংস্থানের সুযোগ হবে। আর এতে করে সকল শ্রেণিপেশার মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। দেশের বেকারত্ব কমে আসলে অনেক সমস্যার সমাধান হবে।
সজল আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিকুল ইসলাম কামাল, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, নাভানা পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানার সহকারী ব্যবস্থাপক তারেক হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, গাজীপুর জেলা পরিষদের সদস্য সফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম