আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে এই জরিমানা করেন।
আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন নিয়ে জনসভায় যাওয়ার অপরাধে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের এক বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতীকের নির্ধারিত দৈর্ঘ্য অতিক্রম করায় বাদেমাজু গ্রামের এক জামায়াত সমর্থককে ৫ হাজার টাকা এবং বেলগাছী গ্রামের আরেক জামায়াত সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে শনিবার অভিযানে বের হন। এ সময় আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে মোটরসাইকেল শোডাউনের বিষয়টি তার নজরে আসে। আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিতে মোটরসাইকেলের এই বহর নিয়ে যাচ্ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনি প্রচারণায় যানবাহন ব্যবহার করে জনসভায় অংশ নেওয়ার অপরাধে ভাংবাড়িয়া গ্রামের মিজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে একই উপজেলার বাদেমাজু গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসের সামনে নির্ধারিত ৩ মিটার দৈর্ঘ্যের বেশি প্রতীক উত্তোলনের দায়ে জামায়াত সমর্থক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে অভিযান চালিয়ে আচরণবিধির ২(ক) ধারা লঙ্ঘনের দায়ে বেলগাছী গ্রামের জাহিদুল হক মালিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএইচএম/এমএমকে