আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে, আশা সিইসির


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ এপ্রিল ২০১৭

আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, রাজনীতিবিদদের আলাদাভাবে পরামর্শ দেয়ার কিছু নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। ইতোমধ্যে সেই আস্থা অর্জিত হয়েছে এবং ভবিষ্যতে সব নির্বাচন নিরপেক্ষ করতে সচেষ্ট থাকবে কমিশন।

শনিবার দুপুরে নবনির্মিত জামালপুর জেলা সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

কে এম নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য পরিবেশ সৃষ্টি করতে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও দায়রা জজ মো. সায়েদুল ইসলাম খান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান প্রমুখ।

এ সময় বিভিন্ন পুলিশ বিভাগ, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।