ময়মনসিংহে পরিবহন ধর্মঘট শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

হালুয়াঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগরকে গ্রেফতার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক সমিতি।

সোমবার থেকে এ পরিবহন ধর্মঘট শুরু করেছে তারা।

সোমবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলন ডেকে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি এই কর্মসূচি ঘোষণা করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মাহবুবুর রহমান।

লিখিত অভিযোগে বলা হয়, গত রোববার বিকেলে একদল সন্ত্রাসী জেলা মোটর মালিক সমিতির সদস্য ও হালুয়াঘাট শাখার কর্মকর্তা জাফর আলী খানের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর ও হালুয়াঘাট থানা পুলিশের ওসির প্রত্যক্ষ মদদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এছাড়াও হালুয়াঘাট কয়লা আমদানি-রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে গোবরাকুড়া কয়লা বন্দর থেকে নিম্মমানের কয়লাসহ একটি ট্রাক আটকের ঘটনায় হালুয়াঘাট কয়লা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগরকে দায়ি করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন। এসময় জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক বিকাশ সরকার, জেলা মোটর মালিক সমিতির মিনিবাস শাখার সাধারণ সম্পাদক দুধনাথ প্রসাদ গুপ্ত, জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি মঞ্জুরুল হক তালুকদার, জেলা মোটরযান কর্মচারি সমিতির সভাপতি নজরুল ইসলাম, অটো টেম্পু সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সিএনজি মালিক সমিতির সভাপতি শামসুল আলম উপস্থিত ছিলেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।