চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর রবীন চন্দ্র দাস (৬৫) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাংশা গ্রামে তার নিজ বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, উপজেলার রহমতপুরে তাপস মেডিকেল হলের সত্ত্বাধিকারী পল্লী চিকিৎসক রবীন চন্দ্র দাস রোববার সন্ধ্যায় নিখোঁজ হন। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে তার নিজ বাড়ির বাগানে একটি গাব গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিমান বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
ওসি মো. মতিয়ার আরো জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গেছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।
এমজেড/আরআই