স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যশোরের কেশবপুরের স্ত্রী হত্যার দায়ে স্বামী কৃষ্ণপদ সরকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে সোমবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার পলাতক রয়েছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, উপজেলার নারায়ণপুর এলাকার শান্তিরাম সরকারের ছেলে কৃষ্ণপদ সরকারের সঙ্গে ও শার্শা উপজেলার ভবারবেড় এলাকার তরুণী আন্নার বিয়ে হয়।
বিয়ের পর থেকে কৃষ্ণপদ যৌতুক দাবিতে আন্নাকে মারপিট করে আসছিল। যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় ২০০৩ সালের ১ এপ্রিল তার স্ত্রী আন্নাকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় নিহতের ভাই শার্শা উপজেলার ভবারবেড় এলাকার জ্যোতিষচন্দ্র রায় বাদী হয়ে ৩ মে কেশবপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৩/০৩.০৫.২০০৩) করেন। মামলায় কৃষ্ণপদ, তার মা করুণা কর্মকার এবং ভূপতি কর্মকারের ছেলে পঞ্চানন কর্মকারকে আসামি করা হয়। প্রায় ১৪ বছর পর মামলার রায় ঘোষণা করা হয়।
দোষী প্রমাণিত হওয়ায় বিচারক অমিত কুমারদে নিহতের স্বামী কৃষ্ণপদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আর দোষী প্রমাণ না হওয়ায় করুণা সরকার ও পঞ্চানন সরকারকে বেকসুর খালাস দিয়েছেন।
মিলন রহমান/এআরএ/আরআইপি