সারাদেশে ২৮৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী শহরসহ সারাদেশে সোমবার সকাল থেকে ২৮৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা। তিনি বলেন, রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে ৩৫ প্লাটুন করে মোট ৭০ প্লাটুন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী এলাকা ঢাকা ও চট্টগ্রামের বাইরে সোমবার সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১০৩ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ৮২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়া যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান মোহসিন রেজা।
জেইউ/এসআরজে