প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এবং ওই স্কুলের চার শিক্ষককে পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
মহাসড়ক অবরোধে সড়কের উভয়পাশে দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে বেলা ১২টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
শিক্ষার্থীরা জানায়, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক আবু হারুন, আবু বকর সিদ্দিক, দুলাল এবং মজনুকে সম্প্রতি অপসারণ করে বিদ্যালয় পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়েছেন। এর প্রতিবাদ করায় ওই চার শিক্ষককে অপসারণ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টঙ্গী থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে বেলা ১২টার দিকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আমিনুল ইসলাম/এফএ/পিআর