কুমিল্লায় গোলাগুলিতে দুই পুলিশ আহত, গ্রেফতার ৩


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৭ এপ্রিল ২০১৭

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

সেই সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবির পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৭০০ বোতল ফেনসিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলায় উপজেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ এসব অভিযান চালায়। এ ঘটনায় বিকেলে সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার বালুতোপা-সুয়াগাজী রাস্তার নোয়াগাঁও দীঘির পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই শাহ কামাল আকন্দ জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়।

এতে ডিবির কনস্টেবল কামাল উদ্দিন ও সাঈদ উল্লাহ আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ আহত অবস্থায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৪০) ওরফে গাদ্দার জসিমকে গ্রেফতার করা হয়।

এ সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়। জসিম একই উপজেলার উলুরচর গ্রামের ওহাব মিয়ার ছেলে। তাকে কুমেক হাসপাতালে এবং ডিবির আহত দুই সদস্যকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গভীর রাতে ডিবির একই টিম আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকার থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৫০০ বোতল ফেনসিডিলসহ শাহীন আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি সদর উপজেলার তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। অপর অভিযানে বৃহস্পতিবার ভোর রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন বাটপাড়া এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মো. সেলিম মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলার মৃত আলী মিয়ার ছেলে।

এ ঘটনায় কোতোয়ালি ও সদর দক্ষিণ থানায় পৃথক ৩টি মামলা করা হয়েছে। এ বিষয়ে ডিবির ওসি একেএম মঞ্জুর আলম বলেন, গ্রেফতার ওই তিন মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সখ্যতা রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের সহযোগীদের নাম জানা গেছে। তাদের গ্রেফতারে ডিবি অভিযান চালাচ্ছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।