নারায়ণগঞ্জে এক ঘণ্টা গ্যাসের চুলা বন্ধ থাকবে


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ মে ২০১৫

নারায়ণগঞ্জে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ২ মে বিকেল পৌনে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এক ঘণ্টা সব বাড়ি ও বাণ্যিজিক প্রতিষ্ঠানের গ্যাসের চুলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

নারায়ণগঞ্জবাসীর গ্যাস সমস্যা সমাধানের লক্ষ্যে ২মে থেকে গ্যাসের চাপ বৃদ্ধি করতে নতুন সাড়ে ১৬ ইঞ্চি পাইপ লাইনের উদ্বোধন হতে যাচ্ছে। গ্যাসের চাপ বৃদ্ধির কারণে হঠাৎ করে গ্যাসের চুলায় গ্যাসের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আগুনও বেড়ে যাবে। ফলে যেকোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২ মে বিকেল ৪টায় এ নতুন গ্যাস লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের প্রথম মৃত্যু বার্ষিকীতে ৭ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের নতুন পাইপ লাইনের উদ্বোধন করা হচ্ছে। এ উদ্বোধনের মধ্য দিয়ে নাসিম ওসমানের স্বপ্ন বাস্তবায়ন ও নারায়ণগঞ্জবাসী গ্যাসের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে।

এতে করে আগামী ৫০ বছরের মধ্যে নারায়ণগঞ্জে গ্যাসের কোন সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নাসিম ওসমান।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।