প্রতিমন্ত্রীর কাছে কালীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি


প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীরা গাজীপুর-৫ আসনের স্থানীয় সাংসদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকায় প্রতিমন্ত্রীর দেওয়াপাড়াস্থ গ্রামের বাড়ীতে তার হাতে স্মারকলিপি প্রদান করেন। সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন দেয়ার দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর কাউন্সিলর আহমেদুল কবির, সচিব মো. মিলন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, হিসাব রক্ষক ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক দুলাল মোড়ল, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কালীগঞ্জ শাখার সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, স্বাস্থ্য সুপারভাইজার মোশারফ হোসেন, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কর নির্ধারক বেলায়েত হোসেন, প্রধান সহকারী লুবনা জাহান ডলি প্রমুখ।

এর আগে একই দাবিতে কালীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’ স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে কালীগঞ্জ পৌরসভার সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন। আর তাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পৌর মেয়র ও কাউন্সিলররা।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।