উপজেলা আ.লীগ সম্পাদকের হাতে সভাপতি লাঞ্ছিত


প্রকাশিত: ১১:০০ এএম, ০২ মে ২০১৭

যশোরের ঝিকরগাছায় মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদের হাতে লাঞ্ছিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সর্দার।

মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের খড়ঞ্চা বিলে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান সর্দার এই অভিযোগ করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান সর্দার জানান, খড়ঞ্চা বিলে তার একটি বড় মাছের ঘের রয়েছে। ইতোপূর্বে শত্রুতাবশত প্রতিপক্ষ গ্রুপ তাদের মাছের ঘেরের ভেড়িবাঁধ কেটে দিয়েছিল। মঙ্গলবার তিনি সেই বাঁধ নির্মাণ করছিলেন।

দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুছা মাহমুদের নেতৃত্বে একই গ্রুপ সেখানে উপস্থিত হয়। এ সময় মুছা মাহমুদের নেতৃত্বে তার লোকজন মতিয়ার সর্দারকে লাঞ্ছিত করে।

মতিয়ার রহমান সর্দার বলেন, মুছা ও তার লোকজন আমাকে ডেকে নিয়ে ধাক্কাধাক্কি করে দাড়ি ধরে টেনেহিঁচড়ে ফেলে দেয়। পরে আমার পিঠে পিস্তল দিয়ে খোঁচা মেরেছে। তবে এ ঘটনার পর থানায় কোনো অভিযোগ দেননি তিনি।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে বারবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ করেননি তিনি।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, খড়ঞ্চা বিলে ঘের নিয়ে বিরোধে সামান্য গোলযোগ হয়েছে এমন খবর তারা পেয়েছেন। তবে কারা কী করেছে তা পুলিশ জানতে পারেনি। থানায়ও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও ওসি জানিয়েছেন।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।