রূপগঞ্জে পোশাক কারখানায় আগুন আতঙ্ক


প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ মে ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং নামে একটি পোশাক কারখানায় ফের আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। মূল গেইট বন্ধ রাখায় উত্তেজিত শ্রমিকরা কারখানার নিরাপত্তা কর্মীদের কার্যালয় ভাঙচুর করেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডায়িং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিক কাজ করেন। রাত ৮টার দিকে ৭ তলা ভবনের ৫ম তলার ফ্লোরে একটি কমপ্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে ওই ফ্লোরটি ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে  ভবনের প্রতিটি ফ্লোরের শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে শ্রমিকরা হুড়োহুড়ি  করে নেমে কারখানার মূল গেইটে চলে আসেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে মোমেলা খাতুন, ইব্রাহিম মিয়া, সোহেল মিয়া, সাইদুর রহমান, রাহিমা আক্তার, আকলিমা আক্তারসহ কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মূল গেইট বন্ধ থাকায় শ্রমিকরা কারখানার নিরাপত্তা প্রহরীদের কার্যালয় ভাঙচুর করেন। পরে মুল গেইটের তালা ভেঙে কারখানা ছেড়ে বাইরে চলে আসেন।

এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাদের খান জাগো নিউজকে জানান, কমপ্রেসার স্পার্ক করে ধোঁয়া হয়। কোন প্রকার আগুন লাগেনি। আগুনের গুজব ছড়ানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এমজেড/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।