ময়মনসিংহের রাজ্জাক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৪ মে ২০১৫

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বটতলা বাজারের মুরগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার রায়ে বিচারক ৪ জনের মৃত্যুদণ্ড ও আরো ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। সোমবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্তরা হলেন, তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা বাজারের মীর জাহান (২৫), এমদাদুল হক (২৩), আনিসুর রহমান (২২) ও জিয়াউল ইসলাম (২৩)।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে স্থানীয় বটতলা বাজারের মুরগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফকির বাড়ি ফেরার পথে সাজাপ্রাপ্তরা তার গতিরোধ করে ১৪/১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মীর জাহানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই হযরত আলী ফকির বাদী হয়ে ওই চারজনকে আসামি করে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ আট বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার বিকেলে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আদালতের বিজ্ঞ বিচারক মামলার দুটি ধারায় (৩০২ ও ৩৯৪ দণ্ডবিধি) ওই চারজনকে মৃত্যুদণ্ড ও আরো ১০ বছর করে কারাদণ্ড প্রদান করে। সাজাপ্রাপ্তরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। রায়ে খুশি হয়েছেন নিহতের পরিবার।

আতাউল খোকন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।