সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাবি ছাত্রশক্তির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের পর এমন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পাবে। কিন্তু সীমান্তে একের পর এক বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতায় মানুষ মারা যাচ্ছে অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সংগঠনটির জাবি শাখা সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। যাতে দ্রুত টিকার নিশ্চয়তা ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করা যায়। একইসঙ্গে সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানাই। বছরের পর বছর নিরস্ত্র নাগরিকদের বিএসএফ গুলি করে হত্যা করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা চাই শুধু বিবৃতি নয়, কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। যাতে আর কোনো বাংলাদেশিকে সীমান্তে প্রাণ দিতে না হয়।
মো. রকিব হাসান প্রান্ত/এএইচ/এমএস