গাজীপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৮ মে ২০১৭

পোশাক শ্রমিকদের বেতনের টাকা ব্যাংক থেকে তুলে কারখানায় ফেরার পথে গাজীপুরে দিনের বেলায় ফিল্মি স্টাইলে একটি পোশাক কারখানার এমডিকে গুলি করে সাড়ে ৬৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর বি এস আর ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারের গতিরোধ ও ভাঙচুর করে আর বি এস আর ফ্যাশনস লিমিটেডের এমডি রবিউল আলমকে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।  এতে রবিউল আলম, কারখানার একাউন্টস ম্যানেজার দীপক দে ও চালক মোজাম্মেল আহত হন। গুরুতর আহতাবস্থায় রবিউল আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।