এরশাদের ৫৮ দল আ.লীগের ‘বি’ টিম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ বলতে কিছু নেই। তার ৫৮ দলীয় জোট মানে লোক দেখানো একটি জোট। এই জোট গঠন করে মানুষের মাঝে তিনি বিভ্রান্তি সৃষ্টি করছেন। ক্ষমতাসীনদের সঙ্গে থেকে মিলেমিশেই এ কাজগুলো করছেন তিনি।
রিজভী বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু এরশাদের নেতৃত্বে নতুন ওই জোট আওয়ামী লীগের ‘বি’ টিম।
সোমবার দুপুরে কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দেয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ২০৩০ সালের ভিশন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের কাছে বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমরা দেশকে কীভাবে গঠন করব এর অগ্রদৃষ্টি খালেদা জিয়ার বক্তব্যের মাঝে প্রতিফলিত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, কামরুল হুদা, আমিরুজ্জামান আমীর ও ভিপি জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় আটজন যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে।
ওই মামলার চার্জশিটভুক্ত আসামি অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সোমবার স্বেচ্ছায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
কিন্তু পুলিশের দেয়া ওই চার্জশিট আদালতে সোমবার পর্যন্ত গৃহীত না হওয়ায় আদালত রুহুল কবীর রিজভীর উচ্চ আদালতের জামিন বহাল রেখে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিকে চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানো ও বিস্ফোরক আইনের অপর একটি মামলায় সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
তিনি চৌদ্দগ্রামের যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় আট হত্যা মামলারও চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে স্থায়ী জামিনে আছেন।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস