মার্চ ১৬

ইপিআরের অস্ত্র প্রত্যাহার, মুজিব-ইয়াহিয়া বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ এএম, ১৬ মার্চ ২০২৬
অগ্নিঝরা মার্চ/ছবি: জাগো নিউজ গ্রাফিক্স

১৯৭১ সালের মার্চে অস্থিরতার প্রেক্ষাপটে ১৬ তারিখে প্রেসিডেন্ট ভবনের বাইরে দায়িত্বরত বাঙালি ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সদস্যদের হাতে ছিল কেবল বাঁশের লাঠি। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ সেদিন ইপিআর জওয়ানদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করে নেয়।

নির্বাচনে জয়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, রাজনৈতিক ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং পরদিন সকালেও পুনরায় বৈঠক হবে।

প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে শেখ মুজিব দলের শীর্ষ সহকর্মীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনা করেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

ভারতীয় আকাশপথে নিষেধাজ্ঞা

সংবাদ সংস্থা এএফপি জানায়, ভারত সরকার তার ভূখণ্ডের ওপর দিয়ে সব বিদেশি বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম পাকিস্তান থেকে বিদেশি বিমানে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে খবরে উল্লেখ করা হয়।

ইপিআরের অস্ত্র প্রত্যাহার, মুজিব-ইয়াহিয়া বৈঠকপ্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করতে আসা শেখ মুজিবুর রহমানের গাড়িতে কালো পতাকা লাগানো ছিল/ছবি: ভিডিও থেকে সংগৃহীত

শহীদ মিনারে সভা ও মিছিল

ঢাকা আর্ট কলেজের ছাত্র-শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভার আয়োজন করেন। সভা শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

কোয়ালিশন প্রস্তাবে প্রতিক্রিয়া

শাসনতন্ত্র প্রণয়নের আগে আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমন্বয়ে কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব দেন পিপিপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। এ প্রস্তাবের তীব্র নিন্দা ও সমালোচনা করে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা বিবৃতি দেন।

করাচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী ফয়েজ মোহাম্মদ বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করবে। তাই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।

অন্যদিকে, পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে সেনা ও অস্ত্র পরিবহনের কাজে শিপিং করপোরেশনের জাহাজ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে করাচিতে করপোরেশনের কার্যালয়ে দুই পরিচালক চিঠি দেন।

তথ্যসূত্র: রবীন্দ্রনাথ ত্রিবেদীর ‘৭১ এর দশমাস’, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ও ১৯৭১ সালে প্রকাশিত সংবাদপত্র

এমএএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।