কুমিল্লায় ১০টি স্বর্ণের বার উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৮ মে ২০১৭

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার জেলার দাউদকান্দি থানা পুলিশ এ অভিযান চালায়। এ ঘটনায় বিকেলে থানায় মামলা দায়েরসহ গ্রেফতার ইকবালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার ইকবাল হোসেন চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজানের ইউসুফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দাউদকান্দি থানা পুলিশ।

এ সময় পুলিশ ঢাকাগামী দেশ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১০টি বারসহ ইকবাল হোসেন (৩০) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করে।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চট্টগ্রামের হোসেন নামে এক ব্যক্তি স্বর্ণের বারগুলো ঢাকায় পৌঁছে দেয়ার জন্য ইকবালকে দায়িত্ব দিয়েছিল। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।