কুমিল্লা বোর্ডের এসএসসির খাতা পুনরায় মূল্যায়নের দাবি


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৯ মে ২০১৭

সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফলকে বিপর্যয় ও অস্বাভাবিক হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

অবিলম্বে পরীক্ষার্থীদের সকল খাতা পুনরায় মূল্যায়ন ও ফল বিপর্যয়ে জড়িত বোর্ড কর্মকর্তাদের বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় মানববন্ধন করেছে।

জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে দেশের গড় পাসের হার ৮০.৩৫ হলেও কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ।

এই বোর্ডে ফেল করেছে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ফল প্রকাশের পর থেকে এ নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে বোর্ড কর্তৃপক্ষ। তাই এই ফলাফলকে বিপর্যয় হিসেবে দাবি করে পূনরায় খাতা মূল্যায়নের দাবিতে মঙ্গলবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকার টাউনহল মাঠের সামনে মানববন্ধনের আয়োজন করে পরীক্ষার্থীরা।

এ সময় পরীক্ষার্থী রনি, ইমতিয়াজ, তানজিনা ও সুমি বলেন, বোর্ড কর্তৃপক্ষ স্বচ্ছতার নামে খাতা মূল্যায়নকারী পরীক্ষকদের কঠোর ও নির্দয় নির্দেশ দিয়ে পরিকল্পিতভাবে হাজার শিক্ষার্থীর ফল বিপর্যয়ে বিতর্কিত ভূমিকা রেখেছে। তাই অবিলম্বে পুনরায় খাতা মূল্যায়নের জন্য তারা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানান।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।