কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১০ মে ২০১৭

কুমিল্লায় গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ তৌহিদুল ইসলাম রাজিব (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে নগরীর চাঁনপুর চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজিব নগরীর চাঁনপুর এলাকার শাহ আলমের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম ও এসআই নজরুল ইসলামসহ ডিবির একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানকালে বুধবার ভোরে নগরীর চাঁনপুর বাস স্টেশন সংলগ্ন চৌমহনী এলাকায় মোটরসাইকেলসহ রাজিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতার রাজিব দীর্ঘ দিন ধরে অস্ত্র নিয়ে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।