গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৬ মে ২০১৫

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি মারা গেছেন। পুলিশ বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পাশে অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক ব্যক্তি (৪৫) মারা যান। এসময় তার মাথা দেহ  থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও সাদা পাতলা গোল গলা হাফ হাতা গেঞ্জি ছিল। মঙ্গলবার রাতে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে, বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে আরো এক ব্যক্তি নিহত হয়েছেন। তারও নাম পরিচয় জানা যায়নি। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।