গাজীপুরে বাবাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৩ মে ২০১৭

গাজীপুরের কাপাসিয়ায় ছেলের দায়ের কোপে এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল কাদির (৭৫)। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু’জন।

আহতরা হলেন, বৃদ্ধের ছোট ছেলে জুয়েল (৩৮) ও নাতি মাসুম (২২)। জুয়েলকে গুরুতর অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হামলায় অভিযুক্ত ছেলে বাদল ঘটনার পর পালিয়ে গেছেন।

নিহতের জামাতা ইকবাল হোসেন জানান, গত কিছুদিন আগে বৃদ্ধ আব্দুল কাদির তার নাতি মাসুমকে (২২) বিয়ে দেন। কয়েকদিন আগে থেকেই মাসুমকে তার শ্বশুড়বাড়ি থেকে যৌতুক এনে দিতে চাপ দিতে থাকে বাদল। এ নিয়ে শনিবার বিকেল ৪টার দিকে বাবা আব্দুল কাদিরের সঙ্গে বাদলের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাদল দা ও শাবল নিয়ে তার বাবার ওপর হামলা করে। উপর্যপুরি কুপিয়ে বৃদ্ধের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ও ডান হাত কেটে ফেলা হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। হামলা থেকে বাঁচাতে আসলে বাদলের ছোট ভাই জুয়েল (৩৮) ও ছেলে মাসুমকেও কুপিয়ে আহত করা হয়। বাদলের ছোট ভাই জুয়েলকে গুরুতর অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কাপসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক খুনের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।