পুলিশ সোর্সের অত্যাচার থেকে মুক্তি পেতে বিক্ষোভ


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৩ মে ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পুুলিশের কথিত সোর্সদের অত্যাচার থেকে রক্ষা পেতে অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেছে এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী অবরোধ করার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলার কাঁচপুর হাইওয়ে থানার সামনে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশের কথিত সোর্সদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের কথিত সোর্স ডাকাত রনি, মিরাজ রাহাত, ফিরোজ, সোহেল ও মেহেদী কাঁচপুর ইউনিয়নের সোনাপুর, চেঙ্গাইন, পশ্চিম ও পূর্ব বেহাকৈরসহ আশপাশের কয়েকটি গ্রামে প্রতিদিন সাধারণ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে হয়রানি করে থাকে। আর টাকা না দিলেই সাধারণ মানুষকে মাদকদ্রব্য দিয়ে গ্রেফতারের ভয় দেখায়। ফলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয় ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে নিজেরাই ইয়াবা ও গাজা দিয়ে ফাঁসিয়ে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে দাবিকৃত উৎকোচ। তাদেরকে উৎকোচ না দিলেই পুলিশের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

পুলিশের হয়রানির ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও দিন দিন তাদের অত্যাচার বেড়ে যাওয়ায় ফুসে উঠেছে এলাকাবাসী। আমি রিকশাযোগে রাতে বাসায় ফেরার পথে গতিরোধ করে রিকশা থামিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ৫ হাজার টাকা আদায় করেছে।

Narayanganj

ফাহিমা খাতুন নামের এক গৃহবধূ জানায়, শুক্রবার সন্ধ্যায় সোর্স মিরাজ পুলিশ নিয়ে এসে আমার স্বামী ভাঙারি ব্যবসায়ী রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত এ টাকা না দিলে তাকে মাদক মামলায় চালান করা হবে বলে হুমকি দেয়।

হাসান মিয়া নামে এক ভাঙারি ব্যবসায়ী জানায়, আমাকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে সোর্সরা ৫ হাজার টাকা আদায় করেছে। পুলিশের হয়রানির ভয়ে কাউকে বলতে সাহস পাইনি।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, এরা কেউ আমার সোর্স নয়। তবে আমার নাম ভাঙিয়ে অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ শরিফুল আলম বলেন, মহাসড়কে বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই।

সোনারগাঁ থানা পুলিশের ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।