কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত একসপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলাম পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন।অন্যদিকে তার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে সম্প্রীতি তার মেয়ে কলকাতার আসেন।

সরেজমিনে দেখা যায়ম হাসপাতালের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জোয়াহেরুল ইসলামের মৃত্যুর খবর জানালেও কঠিন গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তার স্ত্রী একবার হাসপাতাল থেকে বের হলেও কোন কথা না বলে এবং ভিডিও না করতে অনুরোধ জানিয়ে চলে যান।

জানা গেছে, জোহায়েরুলের মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে তবেই কলকাতা উপ-হাইকমিশন থেকে এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

ডিডি/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।