পাক-আফগান উত্তেজনা

যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান বলেছেন, যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য ওআইসি দেশগুলোর পূর্ণ সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সৌদি আরব সফর শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কারও জন্যই কোনো উপকার বয়ে আনে না।

তবে এ বিষয়ে বাংলাদেশ আপাতত প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছে না বলেও জানান তিনি।

আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নীরবে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখার চেষ্টা করছে। আমরা আমাদের নিজস্ব উপায়ে বন্ধু দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের সংঘাত কারও স্বার্থ রক্ষা করে না।

সফরকালে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. রহমান পাকিস্তানের সঙ্গে বৈঠককে ‘ভালো বৈঠক’ হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, সেখানে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) বৈঠকের সাইডলাইনে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সদস্য দেশগুলোর পূর্ণ ও নিঃশর্ত সমর্থন পাওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। এতে কোনো পরিবর্তন হবে না।

তিনি জানান, প্রায় ৪০ বছর পর আবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অঞ্চলের স্বার্থ রক্ষা করাও বাংলাদেশের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ নতুন করে এ পদে প্রার্থী হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিন নিজস্ব প্রার্থিতা বজায় রাখায় বাংলাদেশ সাময়িকভাবে নিজেদের প্রার্থিতা স্থগিত রেখেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশের প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সক্রিয় হয়েছে।

আগামী নির্বাচনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে ড. রহমান বলেন, সাইপ্রাস দীর্ঘদিন ধরে প্রচারণা চালালেও বাংলাদেশের হাতে সময় কম। তবুও ওআইসি দেশগুলোর সক্রিয় সমর্থন বাংলাদেশের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেপিআই/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।